শিগগিরই যুগোপযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীই এ দেশের সন্তান। তাঁদের স্বার্থ ও উচ্চশিক্ষার গুণগত মান রক্ষা করা সরকারের দায়িত্ব।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই দায়িত্বের অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের কথা বলেছেন। তিনি আরও বলেন, প্রতিটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক আইন রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, গুণগত মান, সমৃদ্ধি ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে সরকার যুগোপযোগী আইন প্রণয়ন করছে। শিগগিরই এটা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। শিক্ষামন্ত্রী গতকাল বুধবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অর্ধশতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি সফল হলেও অধিকাংশই সফল হতে পারেনি। তিনি প্রশ্ন রাখেন, এসব অসফল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের দায় কে নেবে?গত মঙ্গলবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভায় অনুমোদন লাভ করা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি জাতীয় সংসদে পাস না করার দাবি জানায়। প্রায় সাত বছর ধরে মালিকদের আপত্তির কারণে আইনটি চূড়ান্ত হচ্ছে না। কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী দৃঢ়তার সঙ্গে আইনটি পাস করার কথা জানালেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম অনুষ্ঠানে বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় ভালো করার চেষ্টা করলেও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার নামে প্রতারণা করছে। নতুন আইন প্রণয়ন করা হলে উচ্চশিক্ষা ঘিরে এসব প্রতিষ্ঠানের অনিয়ম ও হয়রানি কমে আসবে বলে তিনি মত প্রকাশ করেন। এ প্রসঙ্গে মন্ত্রী প্রচলিত আইনটি অকার্যকর হয়ে পড়ার কথা উল্লেখ করেন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলাম, এম শাজাহান মিনা, লুত্ফর রহমান, সুশীল কুমার দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মো. সবুর খান।