শিগগিরই শিক্ষকদের পৃথক বেতন কমিশন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের বেতনকাঠামো নির্ধারণে শিগগিরই একটি পৃথক বেতন কমিশন গঠন করা হবে।আজ বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি শিক্ষকদের বেতন বাড়ানো হয়।সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চিকিত্সাভাতা ও এবতেদায়ি (মাদ্রাসার প্রাথমিক স্তর) শিক্ষকদের বেতন বাড়ানোসহ শিক্ষকদের আর্থিক সহায়তা বৃদ্ধির চেষ্টা করেছি।আগামী দিনে আমরা এটা করে যাব।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যেসব শিক্ষককে এখনো এমপিওভুক্ত করা সম্ভব হয়নি, তাঁদের জন্য আমরা কষ্ট পাচ্ছি।তবে তাঁদের কথা আমরা ভুলে যাইনি।তাঁদের সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’
নায়েমের মহাপরিচালক শেখ একরামুল হকের সভাপতিত্বে এ সমাবেশ হয়।