প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তারা যাতে যথাযথভাবে তাঁদের দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে শিগগিরই সিভিল সার্ভিস অ্যাক্ট পাস করা হবে। প্রধানমন্ত্রী গতকাল রোববার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আয়োজিত ৫৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
বিপিএটিসির রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কোর্স উপদেষ্টা মাহমুদুল হাসান ও কোর্সে অংশগ্রহণকারী বেগম মাহফুজা সুলতানা বক্তব্য দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসনবিষয়ক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
সিভিল সার্ভিস অ্যাক্ট গঠনের কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আইনটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে, শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পরে সংসদে পাঠানো হবে। তিনি বলেন, ‘আমরা শিগগিরই আইনটি পাস করব এবং এর ফলে সরকারি কর্মকর্তারা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন।’
প্রধানমন্ত্রী ৫৬তম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ২৬৩ ক্যাডারের মধ্যে ৩০ জনকে ‘রেক্টর মেডেল’ ও ‘মেরিট মেডেল’ প্রদান করেন। কোর্সে অনন্য কৃতিত্ব প্রদর্শনের জন্য মো. নাসির উদ্দিন ‘রেক্টর মেডেল’ লাভ করেন।
প্রজাতন্ত্রের নতুন কর্মকর্তাদের ভবিষ্যৎ বাংলাদেশের স্থপতি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁদের ঔপনিবেশিক আমলের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশপ্রেম, নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার নির্দেশ দেন। তিনি প্রশ্ন রাখেন, ‘আমাদেরকে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে এবং ব্রিটিশ আমলের “লাল দালান” রক্ষার কোনো যুক্তি নেই। তাহলে যারা আমাদের শোষণ করেছে এবং দাসে পরিণত করেছিল, কেন আমরা তাদের ওই সব সংরক্ষণ করব?’
শেখ হাসিনা কর্মকর্তাদের সাধারণ মানুষের কথা গুরুত্বসহ ও মনোযোগ দিয়ে শোনার এবং তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা বর্তমান সরকারের জনবান্ধব নীতি বাস্তবায়ন করবেন।’
এর আগে প্রধানমন্ত্রী বিপিএটিসির কেন্দ্রীয় ‘ওয়াই-ফাই সিস্টেম’ এবং ডরমিটরি-২ ও ৩-এর বর্ধিত অংশের নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে তিনি বিপিএটিসি লেকে মাছের পোনা অবমুক্ত করেন।