শিগগিরই হিন্দু আইন সংস্কার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বৈষম্য দূর করতে শিগগিরই হিন্দু আইন সংস্কার করতে হবে। অনেক আগেই এই আইন সংস্কার করে যুগোপযোগী করা উচিত ছিল।বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী পরিষদ আয়োজিত বিজয়া পুনর্মিলনী ২০১০ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান বিচারপতি আইন সংস্কার করতে সরকার ও দেশের আইনপ্রণেতাদের সঙ্গে পরামর্শ করতে হিন্দুসম্প্রদায়ের আইনজীবীদের প্রতি অনুরোধ জানান। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইনজীবীদের কাজ হলো দুষ্টের দমন এবং শিষ্টের লালন করা। কিন্তু আইনজীবীরা এখন দুষ্টের লালন আর শিষ্টের দমন করছেন।খায়রুল হক আইনজীবীদের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনারা কি ন্যায়বিচার থেকে দূরে সরে যাচ্ছেন না? মনে রাখবেন, ন্যায়-অন্যায় বিবেচনা বোধ না থাকলে সব ধর্মই বৃথা।অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা না থাকলে সংখ্যালঘুরা নিজ দেশে পরবাসী হয়ে যায়। প্রধান বিচারপতির একটি ঐতিহাসিক রায়ের মাধ্যমে রাষ্ট্রধর্ম নিরপেক্ষতা ফিরে পেয়েছে। এটিকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। কারণ আধুনিক সমাজ গড়তে হলে ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে।বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেন, ‘অসুর বা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য দেবী দুর্গার আবির্ভাব ঘটেছিল। তিনি বছরে মাত্র একবার আসেন। কিন্তু আমাদের এখন প্রতিদিন অশুভ শক্তির সঙ্গে লড়াই করতে হয়। সে জন্য তাঁকে অনুরোধ করি, তিনি যেন আমাদের এখানে বছরে অন্তত কয়েকবার আসেন।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তবে তিনি শুরুতেই অনুষ্ঠানস্থল ত্যাগ করায় পরে সহসভাপতি ফজলুল হক খান সভাপতিত্ব করেন। এর আগে দুপুরে মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী সমিতি প্রধান বিচারপতির দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করে। তবে বিকেলের অনুষ্ঠানে মাহবুব হোসেন প্রধান বিচারপতির হাত ধরে তাঁকে মঞ্চে তুলে নেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা।