শিগগিরই ১৭ হাজার পুলিশ নিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগির ১৭ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল শনিবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘গাজীপুর ও রংপুর সিটি করপোরেশন হয়েছে। এ দুই জায়গায় মহানগর পুলিশ হয়তো আসবে। পুলিশের কাজ আরও সহজ করার জন্য তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা থানাগুলো নতুন করে দেওয়ার জন্য, বাসভবনগুলো নতুন করে দেওয়ার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। আপনাদের ভাতা বাড়ানো হয়েছে, ঝুঁকি ভাতা বাড়ানো হয়েছে। আপনাদের জন্য আরও কিছু করতে আমরা সব সময় তৈরি আছি। আমরা আপনাদের কথা চিন্তা করব, আর আপনারা দেশের কথা চিন্তা করবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো দলীয় সন্ত্রাসীদের ছাড় দিচ্ছেন না উল্লেখ করে পুলিশ সদস্যদের উদ্দেশে আসাদুজ্জামান খান আরও বলেন, সরকারদলীয় পরিচয়ে কেউ সন্ত্রাস করলে পুলিশ কেন তাকে ছাড় দেবে? কোনো সন্ত্রাসীকেই ছাড় না দিতে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। এ দেশে পাশের দেশের কোনো বিচ্ছিন্নতাবাদীকে কোনো তৎপরতা চালাতে দেওয়া হবে না। এখানে থেকে তাদের দেশে আক্রমণ করবে, সেটা হবে না। ভারতে যে জঙ্গি গ্রেপ্তার হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সে জামিনে বের হয়ে সীমান্ত পাড়ি দিয়ে সেখানে গিয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলের ওপরও পুলিশকে অধিক গুরুত্ব দিতে হবে।