শিট জালিয়াতির শিকার সেই সিঁথি এবার পেল জিপিএ-৫
পারিবারিক দ্বন্দ্বে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিট জালিয়াতির কারণে ২০১৪ সালে এসএসসিতে ফল বিপর্যয়ের শিকার হন সিঁথি কিবরিয়া। সেই সিঁথি এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। লালমনিরহাটের হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজ থেকে তিনি এ সাফল্য অর্জন করেছেন।
সিঁথির ফল জালিয়াতির শিকার হওয়ার ঘটনায় ২০১৪ সালের ১৬ অক্টোবর প্রথম আলোয় ‘পুনর্নিরীক্ষায় জিপিএ-৫ পেল এক শিক্ষার্থী, এসএসসির উত্তরপত্র ঘষামাজা, সাত শিক্ষক আজীবন নিষিদ্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সিঁথি কিবরিয়া হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেন। পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায়, তিনি অন্যান্য বিষয়ে এ প্লাস পেলেও বাংলা, সমাজবিজ্ঞান, রসায়ন ও পদার্থবিদ্যা—এ চার বিষয়ে এ গ্রেড পেয়েছেন। এ কারণে তাঁর প্রত্যাশিত ফল জিপিএ-৫ অর্জন সম্ভব হয়নি। ওই চার বিষয়ের ওএমআর শিটের পুনর্নিরীক্ষার জন্য সিঁথি ২০১৪ সালের ১৭ জুন লিখিতভাবে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করেন। দুই দফা তদন্তে প্রমাণিত হয়, আবেদনে উল্লিখিত চার বিষয়ের ওএমআর শিট পরীক্ষা কেন্দ্রেই গায়েব করা হয়েছিল। এরপর ওএমআর শিটের পরিবর্তন করে চারটি নতুন ওএমআর শিট উদ্দেশ্যমূলকভাবে পূরণ করে প্রতিস্থাপন করা হয়, যাতে সিঁথির ফল বিপর্যয় ঘটে। ২০১৪ সালের অক্টোবর মাসে দিনাজপুর শিক্ষা বোর্ড সংশোধিত ফল প্রকাশ করলে দেখা যায়, সিঁথি ওই চার বিষয়সহ সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। কিন্তু সংশোধিত ফল প্রকাশের আগেই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ চলে যায়। সিঁথি বাধ্য হয়ে মানবিক বিভাগে ভর্তি হন।
সিঁথি কিবরিয়ার বাবা হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক আলী আখতার গোলাম কিবরিয়া বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই অপকর্ম করেছিলেন হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ওই পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব মাহাতাব উদ্দিন। তিনি আরও বলেন, ওই ঘটনায় মাহাতাব উদ্দিনসহ সাত শিক্ষককে এসএসসি-সহ বোর্ডের সব পরীক্ষা নেওয়া-সংক্রান্ত কাজ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।
সিঁথি কিবরিয়া বলেন, ‘আমি চিকিৎসক হতে চেয়েছিলাম। বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারিনি বলে সে সুযোগ নেই। আমি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এখন আইন বিষয়ে পড়তে চাই। বিচারক হতে চাই।’
হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার হায়াত খান এবং হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল হক বলেন, হাতীবান্ধা উপজেলা থেকে সিঁথি কিবরিয়া একমাত্র শিক্ষার্থী, যিনি মানবিক বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ-৫ অর্জন করেছেন।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম মোসলেম উদ্দিন বলেন, ‘ফলাফল জালিয়াতির শিকার মেয়েটি বিভাগ পরিবর্তন করেও এত ভালো ফল করেছে। তাঁর জন্য আমাদের শুভ কামনা রইল।’