শিডিউল অনুযায়ী কাজ করতে সাংসদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটিয়াপাড়া-কালুখালি রেলপথ পুনর্নির্মাণকাজে যেসব জায়গায় অনিয়ম হয়েছে, সেখানে শিডিউল অনুযায়ী কাজ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান। অন্যথায় অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবনির্মিত রেলপথের কাজ পরিদর্শনের জন্য সাংসদ আবদুর রহমান বোয়ালমারী উপজেলার সহস্রাইল রেলস্টেশন এলাকায় আসেন। এ সময় রেলের বিভাগীয় প্রকৌশলী (পাকশী বিভাগ) এ এস এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। তিনি পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ঠিকাদারদের এ নির্দেশ দেন।রেলের বিভাগীয় প্রকৌশলী (পাকশী বিভাগ) জানান, সরেজমিনে পরিদর্শনকালে কাজের অনিয়ম ও ঠিকাদারদের ত্রুটি-বিচ্যুতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। নয় ইঞ্চি মেকাডামের জায়গায় পাঁচ-ছয় ইঞ্চি পুরো মেকাডাম করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা (রেল বিভাগ) শিডিউল অনুযায়ী কাজ বুঝে নেব। অন্যথায় বিল পরিশোধ করা হবে না।’ ২০১১ সাল থেকে এ রেলপথ পুনঃস্থাপনের কাজ শুরু হয়। কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগে বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার নেতৃত্বে এলাকার কয়েক শ মানুষ ১০ আগস্ট সহস্রাইল রেলস্টেশন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।