জয়পুরহাটে ক্ষমতাসীন দল ও এর অঙ্গসংগঠনের লোকজনের বাধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় পাঁচ কোটি টাকার কাজের শিডিউল সাধারণ ঠিকাদারেরা কিনতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে নিয়েছেন বলে জানা গেছে।জয়পুরহাট জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা সদর, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার এবং কালভার্টের নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয় গত ৩ নভেম্বর। ২৯টি প্যাকেজে এসব কাজের ব্যয় ধরা হয় চার কোটি ৮০ লাখ টাকা। ২৭ নভেম্বর থেকে শিডিউল বিক্রি শুরু হয়েছে। বিক্রির শেষ দিন কাল ৭ ডিসেম্বর। জেলা এলজিইডি ভবন, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার পাঁচ উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে শিডিউল বিক্রি হওয়ার কথা।সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেন, গত রোববার পর্যন্ত তাঁরা জেলা এলজিইডি ভবন থেকে শিডিউল কিনতে পারেননি। তাঁদের জানিয়ে দেওয়া হয়, এখনো শিডিউল প্রস্তুত হয়নি। ঠিকাদারেরা বিভিন্ন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গেলেও একই কথা জানানো হয়। আজ ৬ ডিসেম্বর সরকারি ছুটি। তাই গতকাল ৫ ডিসেম্বর সাধারণ ঠিকাদারেরা জেলা এলজিইডি ভবনে ভিড় করেন। কিন্তু সকাল থেকেই অর্ধশতাধিক লোক নিয়ে এলজিইডি ভবনে অবস্থান নেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কয়েকজন নেতা। তাঁদের ভয়ে সাধারণ ঠিকাদারদের কেউ শিডিউল কেনার সাহস পাননি।জয়পুরহাট শহরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রশীদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুশফিকুল আলম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শিডিউল কেনার জন্য তিনি গত রোববার ও গতকাল সোমবার এলজিইডি ভবনে গিয়েছিলেন। কিন্তু ক্ষমতাসীন দলের লোকজনের বাধায় শিডিউল কিনতে পারেননি। একই অভিযোগ করেন ক্ষেতলাল উপজেলার মেসার্স দেওয়ান ট্রেডার্সের মালিক রকিবুল ইসলাম ও ঠিকাদার তোজাম্মেল হোসেন।ঠিকাদারদের অভিযোগ পেয়ে গতকাল বেলা ১১টায় স্থানীয় সাংবাদিকেরা জেলা এলজিইডি ভবনে যান। এ সময় সেখানে অর্ধশতাধিক অপরিচিত লোককে ঘুরতে দেখা যায়।কথা বলার জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমানকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। একাধিকবার তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।সাধারণ ঠিকাদারদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী মাকছুদুল আলম বলেন, ‘শিডিউল বিক্রির জন্য বসে আছি, কিন্তু কেউ কিনতে আসেননি। বাইরে কেউ বাধা দিচ্ছে কি না জানি না।’ সোমবার (গতকাল) পর্যন্ত কতটি শিডিউল বিক্রি হয়েছে, জানতে চাইলে মাকছুদুল আলম বলেন, ‘এ কার্যালয় থেকে এখন পর্যন্ত একটি শিডিউলও বিক্রি হয়নি।’ যোগাযোগ করা হলে এলজিইডির কালাই উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কালাই উপজেলার ১০টি কাজের বিপরীতে ৩০টি শিডিউল আমার কার্যালয়ে পাঠানো হয়েছিল। সবই বিক্রি হয়ে গেছে।’তবে কালাই উপজেলা কার্যালয়ের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার ৩০টি শিডিউল পৌঁছার পরপরই ক্ষমতাসীন দলের এক নেতা তিনটি প্রতিষ্ঠানের নামে সবগুলো শিডিউল কিনে নেন।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘শিডিউল বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। কাজ ভাগাভাগির অভিযোগও সঠিক নয়।’জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, শিডিউল বিক্রিতে বাধা দেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি। কোনো সাধারণ ঠিকাদার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।