শিডিউল কিনতে না পেরে ঠিকাদারদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সাতটি উপজেলায় ১৪টি সেতু নির্মাণের শিডিউল (দরপত্র) বিক্রির শেষ দিনে গতকাল রোববার জেলা ত্রাণ কার্যালয়ে বিক্ষোভ করেছেন শিডিউল কিনতে না পারা ঠিকাদারেরা। জেলা ত্রাণ অফিস সূত্র জানায়, ১৪টি সেতুর প্রতিটির নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২২ লাখ টাকা। গতকাল ছিল ওই সেতুগুলোর নির্মাণকাজের শিডিউল বিক্রির শেষ দিন। শিডিউল কিনতে আসা ঠিকাদার সরোয়ার ইসলাম, মো. রাজীব, স্বপন, সবুজ, রাসেল রহমানসহ একাধিক ঠিকাদার অভিযোগ করেন, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ত্রাণ কর্মর্কতা শিডিউল বিক্রি করছেন না। এ অভিযোগ অস্বীকার করেছেন ভোলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল ওয়াহেদ। তিনি প্রথম আলোকে বলেন, কাল বিকেল পাঁচটা পর্যন্ত কোনো শিডিউল ফরম না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শিডিউল বিক্রি না করার অভিযোগ সত্য নয়।