শিডিউল কেনা নিয়ে আ.লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া
প্রায় দেড় কোটি টাকার কাজের শিডিউল কেনা নিয়ে গতকাল সোমবার ভোলা জেলা পরিষদে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের ও সাধারণ সম্পাদক আবদুল মোমিন পক্ষের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জেলা পরিষদ অফিস সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নকাজের জন্য প্রায় দেড় কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে গত ১৩ ডিসেম্বর।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদেরের পক্ষের ঠিকাদারেরা গতকাল দুপুর ১২টার দিকে শিডিউল কিনতে জেলা পরিষদে যান। কিন্তু জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. মোশারেফ হোসেন ও অফিস সহকারী শিডিউল বিক্রিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি প্রধান নির্বাহীকে জানালেও তিনি কোনো ভূমিকা নেননি। এ নিয়ে প্রকৌশলীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিনের অনুসারীরা সেখানে গিয়ে হাজির হন। এ সময় ফজলুল কাদেরের অনুসারীদের সঙ্গে তাঁরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। একপর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করলে জেলা পরিষদের কর্মকর্তারা আফিস বন্ধ করে চলে যান। সভাপতি পক্ষের ঠিকাদারদের অভিযোগ, তাঁরা যাতে শিডিউল কিনতে না পারেন, সে জন্য আবদুল মোমিনের পক্ষের সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করে অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেয়।এ বিষয়ে জানতে চাইলে আবদুল মমিন প্রথম আলোকে বলেন, ‘আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই এই দরপত্র ডাকা হয়েছে। এখন কে কিনবে না-কিনবে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’