শিডিউল কেনা নিয়ে ছাত্রলীগ যুবলীগের হাতাহাতি
গাজীপুরের কাপাসিয়ায় সোয়া এক কোটি টাকার কাজের শিডিউল কেনা নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাপাসিয়ায় এক কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৬৩৪ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নকাজের জন্য ১৭টি গ্রুপের দরপত্র আহ্বান করা হয় ৩ মার্চ। কয়েক দিন ধরে ঠিকাদারেরা শিডিউল কিনতে গেলে যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতারা বাধা সৃষ্টি করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫-১৬ জন নেতা-কর্মী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে শিডিউল কিনতে যান। আগে থেকেই ওই কার্যালয়ে অবস্থান নেন উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী। ওই সময় তাঁরা অন্য নেতা-কর্মীদের শিডিউল কিনতে বারণ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার সময় উপজেলা এলজিইডি প্রকৌশলী ছাবের আলী তাঁর কক্ষে থাকলেও কোনো ব্যবস্থা না নিয়ে তড়িঘড়ি করে একটি ব্যক্তিগত গাড়িতে উঠে চলে যান। খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রকৌশলী ছাবের আলী জানান, কেউ শিডিউল কিনতে চাইলে কিনতে পারেন। নিরাপত্তার জন্য থানায় খবর দেওয়া হয়েছে।