ভোলায় চারটি সরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০ কোটি টাকার কাজের শিডিউল ক্রয় নিয়ে গতকাল রোববার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সাতটি উপজেলায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ১১টি বিদ্যালয়ের ভবন নির্মাণ, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের দেড় কোটি টাকা ব্যয়ে সাতটি গ্রুপের সেতু নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চার গ্রুপের দুই কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণ এবং মৎস্য অধিদপ্তরের আওতায় জেলেদের জন্য ২৮ লাখ টাকার পুনর্বাসন পণ্য কেনার শিডিউল ক্রয় নিয়ে ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়ানুর রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি গতকাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রতিপক্ষ ঠিকাদার ও সাধারণ ঠিকাদারদের শিডিউল কিনতে বাধা দেন। জানতে চাইলে ইয়ানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি ঠিকাদার নই। আমি কেন বাধা দেব। তবে বিগত দিনে আওয়ামী লীগের মধ্যে যে বিরোধ ছিল, তা আমরা কাটিয়ে উঠেছি।’ ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরেও শিডিউল বিক্রির শেষ দিনে গতকাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের ও মেয়র মনিরুজ্জামানের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে বিকেলে উন্মুক্তভাবে শিডিউল বিক্রি করা হয়।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান-পক্ষের ছাত্রলীগের সাবেক নেতা রাসেল বলেন, মেয়রের পক্ষের নেতা-কর্মীরা শিডিউল কিনতে বাধা দিলে ওই ঘটনা ঘটে। তবে মেয়রের পক্ষের জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম বলেন, ‘শিডিউল ক্রয় নিয়ে কোনো ঝামেলা হয়নি।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শিডিউল ক্রয় নিয়েও উপজেলা চেয়ারম্যান ও মেয়রের পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ছাড়া সদর উপজেলা মৎস্য অধিদপ্তরেও আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একে অপরকে শিডিউল কিনতে বাধা দেন বলে অভিযোগ পাওয়া যায়। যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, ভোলার চারটি প্রতিষ্ঠানে শিডিউল ক্রয় নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি আঁচ করতে পেরে আগে থেকেই চারটি অধিদপ্তরে পুলিশ মোতায়েন করা হয়। তাই বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।