শিডিউল ছিনতাই, নথিপত্র তছনছ
নরসিংদীর শিবপুরে সন্ত্রাসীরা ৪৩ লাখ টাকার কাজের দরপত্রের শিডিউল ক্রয়ে ঠিকাদারদের বাধা দিয়েছে। এ সময় শিডিউল ছিনিয়ে নিয়ে নথিপত্র তছনছও করা হয়। গতকাল মঙ্গলবার শিবপুর উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, নয়টি গ্রুপে মোট ৪৩ লাখ টাকার অবকাঠামো উন্নয়ন কাজের শিডিউল বিক্রির প্রথম দিন ছিল গতকাল। কিন্তু সকাল থেকে ছাত্রলীগ ও যুবলীগ নামধারী সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদারেরা শিডিউল কিনতে পারেননি। দুপুর পৌনে দুইটার দিকে জেসমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম মৃধা শিডিউল কিনতে গেলে তাঁকে প্রথমে বাধা দেওয়া হয়। বাধা উপেক্ষা করে শফিকুল একটি শিডিউল কেনেন। এর পরপরই সাংসদের ভাই জুনু মুঠোফোনে কল করে শফিকুলের কাছে জানতে চান, শিডিউল কেন ক্রয় করা হয়েছে। জুনুর অনুমতি না নিয়ে শিডিউল কেনার পরিণাম ভালো হবে না।এ ঘটনার পরপরই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীর কার্যালয়ে রাখা রসিদ বই, শিডিউল বিক্রির তালিকা ও কয়েকটি শিডিউল ছিনিয়ে নিয়ে যায় এবং নথিপত্র তছনছ করে কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়।জেসমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই সাংসদের ভাই জুনু এককভাবে টেন্ডার নিয়ন্ত্রণ করছেন। তাঁর কারণে আমাদের মতো সাধারণ ঠিকাদারেরা ঠিকাদারি ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছেন।’মুঠোফোনে যোগাযোগ করা হলে জুনু তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন অফিসে বিক্রির জন্য শিডিউল পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিকাদারেরা জেলা প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভাগের উপজেলা পর্যায়ের সব কার্যালয় থেকে শিডিউল কিনতে পারবেন।