শিডিউল বিক্রি ১৪৫ জমা মাত্র ২৪টি
রাঙামাটি পৌরসভার বাস্তবায়নাধীন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সাহায্যপুষ্ট স্যানিটেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার সাপ্লাই ইন বাংলাদেশ (সেওয়া বি) প্রকল্পের প্রায় ৫০ লাখ টাকা মূল্যের আটটি কাজের জন্য ১৪৫টি দরপত্র বিক্রি হয়। কিন্তু জমা পড়েছে মাত্র ২৪টি। ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর হুমকির কারণে অনেক ঠিকাদার দরপত্র জমা দেননি বলে অভিযোগ উঠেছে।পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রায় ৫০ লাখ টাকার আটটি কাজের জন্য ১৪৫টি দরপত্র বিক্রি হয়। কিন্তু প্রতিটি কাজের বিপরীতে মাত্র তিনটি করে মোট ২৪টি দরপত্র জমা পড়ে। গত মঙ্গলবার দরপত্র খোলা হয়। এতে একজন ঠিকাদারই পাঁচটি কাজের সর্বনিম্ন দরদাতা হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, গত সোমবার গভীর রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশীষ কুমার চাকমা, সহসভাপতি শরীফউদ্দিন ও আবু তৈয়বের নেতত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী ফোনে এবং কারও কারও বাসায় গিয়ে দরপত্র জমা না দেওয়ার জন্য হুমকি দেন। নেতা-কর্মীরা ঠিকাদারদের সমঝোতার কথা বলে জানান, যাঁরা দরপত্র কিনেছেন তাঁদের টাকা কিছু লাভসহ ফিরিয়ে দেওয়া হবে। ঠিকাদারেরা অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা জ্ঞান লাল চাকমা নামের এক ব্যক্তির ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করেছেন। তাই তিনি আটটি কাজের পাঁচটিরই সর্বনিম্ন দরদাতা হয়েছেন। জ্ঞান লালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।অভিযোগ অস্বীকার করে আশীষ কুমার চাকমা মুঠোফোনে বলেন, ‘আমি কোনো সমঝোতায় ছিলাম না। আর সমঝোতা তো ঠিকাদারেরাই করেছেন।’ রাঙামাটি পৌরসভার মেয়র হাবিবুর রহমান বলেন, ‘বাইরে কেউ কারও সঙ্গে সমঝোতা করলে আমাদের কিছুই করার থাকে না।’