শিনজো আবের সফরে গুরুত্ব পাবে বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এইচ মাহমুদ আলী
এ এইচ মাহমুদ আলী

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। দুদিনের রাষ্ট্রীয় সফরে ৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শিনজো আবে। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তিনি।
পাশাপাশি দুই দেশের বিনিয়োগকারীদের আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন জাপানের প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকা সফরের সময় শিনজো আবে বিনিয়োগ বোর্ড, শীর্ষ বণিক সংগঠন এফবিসিসিআই এবং জেটরো আয়োজিত জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তৃতা করবেন।
চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের পর ফিরতি সফরে ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
ওই সফরের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারত্ব গড়ে তুলতে জাপান আগ্রহী।
২০০০ সালে জাপানের তত্কালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির পর এটাই হবে জাপানের কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।