শিপন হত্যা মামলায় প্রেমিকার মৃত্যুদণ্ড
খুলনার আলোচিত শিপন হত্যা মামলায় তাঁর প্রেমিকা ফাতেমা আক্তার সোনালী (২১) নামের একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায় দেন। এ মামলার অন্য আসামি মেহেদী হাসানকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ মার্চ নগরের জোড়াগেট গণপূর্ত বিভাগের আবাসিক কলোনি থেকে শিপনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিপনের ভাই মো. বাবুল মিয়া ১২ মার্চ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। ১৫ মার্চ শিপনের প্রেমিকা ফাতেমা আক্তার সোনালীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সোনালী। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মেহেদী হাসান অনিক নামের আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করে।
ওই বছরের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার অভিযোগপত্রে হত্যার কারণ উল্লেখ করে বলা হয়, নগরের সোনাডাঙ্গা থানার গণপূর্ত বিভাগের আবাসিক কলোনিতে মামা আবু বক্করের বাসায় থেকে লেখাপড়া করতেন শিপন। পাশাপাশি তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লিফট অপারেটরের দায়িত্ব পালন করতেন। সেখানে সোনালীর সঙ্গে শিপনের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সোনালী জানতে পারেন শিপনের আরও কয়েকজন নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক রয়েছে। এ ঘটনায় সোনালী প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং শিপনকে হত্যার পরিকল্পনা করেন।
পরের ঘটনা উঠে আসে সোনালীর জবানবন্দিতে। জবানবন্দিতে সোনালী জানিয়েছিলেন, ৮ মার্চ শিপনের বাসায় যান তিনি। সেখানে ২০টি ঘুমের ওষুধ গুঁড়ো করে কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে শিপনকে খাওয়ানো হয়। অচেতন হয়ে পড়লে হাত-পা বেঁধে গলা কেটে শিপনকে হত্যা করে ল্যাপটপ ও মোবাইল নিয়ে পালিয়ে যান তিনি।