শিপ্রাকে হারিয়ে অথই সাগরে পরিবার
এভাবে মাকে হারিয়ে কথা বলতে পারছেন না অবন্তি কুণ্ডু। গত শনিবার খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত শিপ্রা কুণ্ডুর একমাত্র মেয়ে। স্বামী চিত্তরঞ্জন কুণ্ডুও বুঝতে পারছেন না ছেলেমেয়ে নিয়ে কীভাবে চলবেন। এত দিন সংসারের সব দায়িত্ব হাসিমুখে সামলাতেন শিপ্রা।
শিপ্রার এক ছেলে ও এক মেয়ে। স্বামী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) খুলনা শাখার উপমহাব্যবস্থাপক। মেয়ে অবন্তি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতকোত্তর করছেন। আর ছেলে পড়ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষে।
শনিবার ঘটনার সময় শিপ্রা পূজার জন্য দোলখোলা এলাকার শীতলাবাড়ী মন্দির থেকে ফুল আনতে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে নগরের দোলখোলা এলাকার শীতলাবাড়ী মন্দিরের পাশে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিপ্রার বুকে গিয়ে লাগে। তাতেই তিনি মারা যান। শিপ্রার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ডুমুরিয়া উপজেলায় চিত্তরঞ্জনের নিজ গ্রামে সৎকার করা হয়। গতকাল রোববার সকালে সবাইকে নিয়ে সেখানেই ছিলেন তিনি।
মুঠোফোনেই চিত্তরঞ্জন শুনাচ্ছিলেন সুখ-দুঃখের কথা। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে আজ আমরা এ পর্যন্ত এসেছি। চাকরির প্রথম জীবনে ঢাকার রায়েরবাজার এলাকায় একটি টিনের ঘরে থাকতাম। সেখানে পানিও ছিল না। শিপ্রাই কষ্ট করে বাইরে থেকে পানি সংগ্রহ করত। এত কষ্ট করেছে কিন্তু কখনো আমার ওপর রাগ করেনি।’
সংসার সামলানোর সব দায়িত্ব ছিল শিপ্রার ওপর। ছেলেমেয়েদের মানুষ করার সব কৃতিত্বও তাঁকে দিলেন চিত্তরঞ্জন। তাঁকে এভাবে ফেলে রেখে চলে যাওয়ায় তিনি এখন কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না। ছেলেমেয়েদের কীভাবে মানুষ করবেন, তা নিয়েও খুব চিন্তিত। চিত্তরঞ্জন বলেন, ‘বিয়ে করে ঘরে তোলার পর সবাই বলত “প্রতিমা” এনেছি। বিয়ের কিছুদিনের মধ্যে প্রমোশনও হয় আমার। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় টিফিন বাটিতে গরম খাবার দিয়ে দিত। ধর্মপ্রাণ শিপ্রা বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়াতে পছন্দ করত।’
কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না শিপ্রার পরিবার। ফলে তাঁর এভাবে চলে যাওয়াটা কেউ মানতে পারছেন ন। এ ঘটনায় শিপ্রার পরিবার থেকে কেউ মামলা করবেন না বলে জানিয়েছেন চিত্তরঞ্জন। তিনি বলেন, ‘মামলা করে কী হবে! আমি তো আর আমার স্ত্রীকে ফিরে পাব না।’