শিফার পাশে দাঁড়াতে চান অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম পা সংযোজনের জন্য সুনামগঞ্জের স্কুলছাত্রী শিফা আক্তারকে (১২) অনেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকাল প্রথম আলোয় ‘একটি কৃত্রিম পা হলে কষ্ট কমে শিফার’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

শিফা আক্তার সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। জন্ম থেকেই শিফার ডান পায়ের নিচের অংশ নেই। এবার সে সুনামগঞ্জ পৌর শহরের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। বাড়ি থেকে স্কুল তিন কিলোমিটার দূরে। প্রতিদিন ক্রাচে ভর দিয়ে তাকে এই পথ হেঁটে স্কুলে আসা-যাওয়া করতে হয়। কিন্তু দিনমজুর বাবা মো. আবু মিয়ার সাধ্য নেই মেয়েকে একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিতে।

পত্রিকায় সংবাদ পড়ে গতকাল প্রথম আলোর সুনামগঞ্জ কার্যালয়ে ঢাকা থেকে যোগাযোগ করেন যুক্তরাজ্যভিত্তিক ‘এন্ডোলাইট বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইমরান খান। তাঁরা শিফার কৃত্রিম পা সংযোজনে সাহায্য করতে আগ্রহী। একইভাবে আগ্রহ প্রকাশ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপক কামরুল হাসান।