বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় এক লাখ টাকা চাঁদা দাবি, সরকারি জলমহালের মাছ লুট ও স্থানীয় এক নারীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ মামলাটি করেন উপজেলার পুটখুর গাংগার পশ্চিম পাড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ইছাহাক আলী।
বাদীর আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরজিতে বলা হয়েছে, শিবগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি পুটখুর মৌজায় সোয়া চার একরের একটি সরকারি জলমহাল পুটখুর গাংগার পশ্চিমপাড় মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছরের জন্য ইজারা দেয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক তাঁর লোকজনের নামে ওই জলমহালটি ইজারা নিতে ব্যর্থ হয়ে ২২ জুলাই বাদীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় জলমহালে মাছ চাষ করতে না দেওয়ারও হুমকি দেন আসামিরা। ২৩ জুলাই ভোর পাঁচটার দিকে আওয়ামী লীগ সভাপতি আজিজুল হকের নেতৃত্বে আসামিরা জলমহালে গিয়ে বেড় জাল দিয়ে মাছ ধরা শুরু করেন। জলমহাল ইজারা নেওয়া সমিতির সদস্যরা ঘটনা টের পেয়ে বাধা দিতে গেলে তাঁদের মারধর করে লক্ষাধিক টাকার মাছ লুট করা হয়। এ সময় এক নারীর শ্লীলতাহানিও ঘটান আসামিরা। ঘটনার পর সমিতির পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। পরে আদালতে মামলা করা হয়।
জানতে চাইলে গতকাল রাতে আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘এটি সাজানো মামলা। ওই পুকুরে আমার মাছ ছাড়া ছিল। সন্ত্রাসীরা আমার লোকজনের ওপর হামলা চালায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলা থেকে বাঁচতে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’