শিবগঞ্জ আ.লীগের পাল্টাপাল্টি সভা আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হকের নেতৃত্বাধীন পক্ষ আজ শুক্রবার দলীয় কার্যালয়ে সভা আহ্বান করেছে। অপরদিকে সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরীর পক্ষ কাল শনিবার চৌধুরী আদর্শ কলেজ মাঠে যৌথ বর্ধিত সভা আহ্বান করেছে। দুই পক্ষই দলের নেতা-কর্মীদের সভায় উপস্থিত থাকতে বলেছে। এ অবস্থায় যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন দলীয় কর্মী-সমর্থকেরা।আজিজুল হক পক্ষের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সাংসদ শওকত আরা বেগমের ইন্ধনে ও তাঁর দোহাই দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের চাকরি, বিভিন্ন অনুদান, পুকুর, খাসজমি ও সারের ডিলার পাইয়ে দেওয়ার নাম করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টাকা আদায় ও আত্মসাত্ করছেন। এসব বিষয়ে আলোচনা করে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।অপরদিকে সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নারী সাংসদকে লাঞ্ছিত, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অবমূল্যায়ন, প্রশাসনের স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করার বিষয় নিয়ে বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।এ প্রসঙ্গে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুস ছাত্তার জানান, তিনি কোনো পক্ষের সভাতেই যাবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পর্যায়ের এক সভাপতি বলেন, ‘উপজেলার নেতাদের কামড়া-কামড়িতে আমরা নেই।’