শিবগঞ্জ আ.লীগের সম্মেলন কাল
আট বছর পর আগামীকাল বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে ২৮৮ জন কাউন্সিলর তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার এমএইচ বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান। সম্মেলনকে ঘিরে তিন মাস ধরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ১২টি ইউনিয়ন, ১১৭টি ওয়ার্ড ও একটি পৌরসভায় সম্মেলন শেষ করেছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান বলেন, দলের গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হবে। ফলে যোগ্যরাই দলের নেতৃত্বে ঠাঁই পাবেন বলে তিনি বিশ্বাস করেন।