শিবগঞ্জ ও দুপচাঁচিয়ায় জামাইষষ্ঠীর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আম কাঁঠাল গন্ধে ভরা ষষ্ঠী মাসে/ ইলিশ ভাপা চিংড়ি মালাই সঙ্গে আছে/ বন্ধ থাকুক আজকে তোমার সকল কাজ/ ষষ্ঠীতে তুমি হবে জামাই রাজ’।
গতকাল শুক্রবার ছিল বাড়ির মেয়ে-জামাইকে ঘিরে আদর-উৎসবের জামাইষষ্ঠী। রসাল ফল-ফলাদির এ সময়ে মেয়ে-জামাইকে নিমন্ত্রণ করে আম, কাঁঠাল, লিচু, জামসহ মৌসুমি ফল খাওয়ানো হয়। এ ছাড়া জামাতাকে দেওয়া হয় নতুন লুঙ্গি, গামছা ও গেঞ্জি। তাঁর মঙ্গল কামনায় দেওয়া হয় পূজা। বগুড়ার শিবগঞ্জ ও দুপচাঁচিয়ায় জামাইষষ্ঠী উৎসবের আয়োজন করা হয়।
শিবগঞ্জের বানাইল মহল্লার হিন্দুধর্মাবলম্বী কয়েক ব্যক্তি বলেন, বারো মাসে তেরো পার্বণের মধ্যে জামাইষষ্ঠী বাঙালি হিন্দু ধর্মাচারের একটি বিশেষ উৎসব। এ দিনকে বলা হয় জামাই-শাশুড়ির দিন। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এ অনুষ্ঠান পালন করা হয়। তাঁরা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও পুরো বাঙালি জনগোষ্ঠীর জীবনেই এ উৎসবের কিছুটা হলেও প্রভাব পড়ে। কালের আবর্তনে এই উৎসব কিছুটা জৌলুশ হারালেও আগে এটি বাঙালি জীবনের এক প্রিয় উৎসব ছিল।
উপজেলার উথলী গ্রামের অর্চনা রানি বলেন, ‘এ দিনটির জন্য আমি অনেক দিন হলো টাকা জমা করে রেখেছি। চেষ্টা করছি যতটুকু পারা যায় জামাইকে আদর-যত্ন করতে।’
এদিকে দুপচাঁচিয়ার ফেঁপিড়া গ্রামের কৃষ্ণচন্দ্র মণ্ডল জামাইষষ্ঠী পূজার প্রক্রিয়া বর্ণনা করে বলেন, সাধারণত সধবা নারীরা এদিন একটি নতুন ডালায় বিভিন্ন জাতের ফল, ছয়টি পান, ছয়টি সুপারি, বাঁশ পাতা, সাদা কাপড়ের টুকরো, নতুন ছয় গাছা সুতা, হলুদ, তেল, দূর্বাঘাস দিয়ে এ পূজা করেন। পূজা শেষে বাড়ির জামাই ও ছেলেদের মঙ্গল কামনায় তাঁদের কপালে হলুদ ছুঁইয়ে এবং হলুদ রংসংবলিত সুতা (ষাট সুতা) তাঁদের ডান হাতে বেঁধে দেন বাড়ির নারীরা। নারীরা উপোস থেকে পূজা শেষে ফল এবং দই-চিড়া দিয়ে উপোস ভাঙেন। সাধারণত গাছতলায় বা বনে এ পূজা হয় বলে তাই একে অরণ্য ষষ্ঠীও বলা হয়।
ফেঁপিড়া গ্রামের নিম্ন আয়ের মৎস্যজীবী বানেশ্বর চন্দ্র দাস বলেন, ‘জিনিসপত্রের যে দাম তাতে সীমিত আয়ের লোকজনের পক্ষে কোনো তিথিই পালন করা সম্ভব না। বাজারে ফলমূলের দাম খুব বেশি। তারপরও জামাই-মেয়ে ঘরে এসেছে। তাই কষ্ট করে হলেও যতটুকু পেরেছি জামাইষষ্ঠী উৎসবের জন্য বাজার করেছি।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস জানান, সনাতন ধর্মাবলম্বীর নারীরা এ ষষ্ঠীপূজা পালন করে থাকেন। পরিবারের মঙ্গল কামনায় তাঁরা এ পূজা করেন।