শিবগঞ্জ ও রায়গঞ্জে দুই ব্যক্তি খুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার বড় ভাইয়ের হাতে গোলাম কিবরিয়া (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে গঞ্জের আলী (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।বাড়ির গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে শিবগঞ্জের পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের গোলাম কিবরিয়ার সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে বড় ভাই এরফান আলী ও সানোয়ার হোসেন তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক গোলাম কিবরিয়াকে মৃত ঘোষণা করেন।রায়গঞ্জের বাঁকাই গ্রামের আবদুর রাজ্জাক ও ঈমান আলীর মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঈমান আলীর ছেলে মেনহাজ আলী ও সুরমান আলী এবং ভাই গঞ্জের আলী আহত হন। মঙ্গলবার বেলা একটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গঞ্জের আলী মারা যান।এ ঘটনায় গতকাল বুধবার রোস্তম আলী নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।