টানা খরার পর গতকাল শনিবার বগুড়ার শিবগঞ্জ ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৃষ্টি হয়েছে। মৌসুমের প্রথম এই বৃষ্টিতে তাপমাত্রা কমায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন এলাকার সবজিচাষিসহ সবাই। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইলেও তাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শিবগঞ্জ কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত প্রায় এক মাস উপজেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। টানা খরার কারণে অনেক জমিতেই সবজিগাছ শুকিয়ে যাওয়ার উপক্রম হয়। সেচ দিয়েও তেমন কাজ হচ্ছিল না। পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রায় সবজিগাছে শোষক পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় ছিলেন কৃষকেরা। কিন্তু গতকাল ভোর থেকে বিকেল চারটা পর্যন্ত তিন দফায় মুষলধারে বৃষ্টি হওয়ায় তাঁরা হাঁফ ছেড়ে বেঁচেছেন।
লক্ষ্মীকোলা গ্রামের তোফাজ্জল হোসেনসহ উপজেলার সাত-আটজন সবজিচাষির সঙ্গে গতকাল কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেন, যেসব সবজিখেত নষ্ট হয়নি বা আংশিকভাবে নষ্ট হয়েছে, সেগুলোতে আবার ভালো ফলন শুরু হবে বলে তাঁরা আশা করছেন।
শিবগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, চলতি মৌসুমে শিবগঞ্জে ৭০০ হেক্টরের বেশি জমিতে বেগুন, করলা, শসা, ঝিঙে, পটোলসহ বিভিন্ন সবজির আবাদ হয়েছে। বৃষ্টি হওয়ায় সবজিগাছ আবার সতেজ হয়ে উঠবে। কমবে শোষক পোকার আক্রমণও। ফলে সবজি উৎপাদন বাড়তে পারে।
এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাজুড়ে গতকাল বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ও ঝড় হয়।
রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকার গৃহবধূ মরিয়ম পারভীন বলেন, প্রচণ্ড গরমে জীবন অস্থির হয়ে পড়েছিল। বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে। একই এলাকার প্রবীণ নারী নূরভানু বেগম (৮৫) বলেন, বৈশাখের ২৪তম দিনে এসে ঝড়-বৃষ্টির দেখা মিলল। এটা তাঁর জীবনে আগে কখনো ঘটেনি।
এদিকে যেসব কৃষক গতকাল ধান কাটা শুরু করেছিলেন, বৃষ্টির কারণে তাঁরা কিছুটা ভোগান্তিতে পড়েন। উপজেলার বেতুয়া গ্রামের আজাহার আলীসহ চারজন কৃষক বলেন, নিজেদের একটু ক্ষতি হলেও বৃষ্টিতে সবার প্রাণ জুড়িয়েছে, এটাই বড় পাওয়া।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, বৃষ্টিতে চারদিকেই স্বস্তি নেমে এসেছে। ঝড়ে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।