শিবগঞ্জ-পিরব সড়কে দুই কিলোমিটারে ২০০ গর্ত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ-পিরব সড়কের ত্রিমোহনী থেকে জামুরহাট পর্যন্ত দুই কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সড়কের এই অংশের মধ্যে প্রায় ২০০টির মতো গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। ভারী যানবাহন চলাচল দূরে থাক, ভ্যান-রিকশা, সাইকেল এমনকি হেঁটে চলাচলেও সমস্যা হচ্ছে। অথচ এ সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার মানুষ চলাচল করে।স্থানীয় কামতারা গ্রামের আজিজুল ইসলাম (৪০) জানান, সড়কের এই অংশে প্রায়ই যানবাহনের চাকা দেবে যাচ্ছে। তখন যাত্রীরা নেমে অনেক কষ্ট করে সে যানবাহনকে টেনে তোলেন। অনেক সময় গ্রামবাসীকেও এ কাজে সহযোগিতা করতে হয়। স্থানীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল আলম বলেন, এ সড়ক মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বরাদ্দ দেওয়ার আশ্বাসও দিয়েছে। এই বরাদ্দ পাওয়ার পরপরই কাজ শুরু হবে।