শিবগঞ্জ পৌরসভায় লাগানো হচ্ছে ১০ হাজার তালগাছ
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সড়কের দুই পাশে পরিবেশবান্ধব তালের আঁটি রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল রোববার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোহম্মদ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান প্রমুখ।
পৌরসভা সূত্রে জানা গেছে, এ কর্মসূচি ঘিরে পৌর এলাকায় কয়েক দিন ধরেই চলছে প্রস্তুতি।
প্রথম অবস্থায় বানাইল-কানুপুর, শব্দলদীঘি-কলুমগাড়ী, শিবগঞ্জহাট-বেড়াবালা, অর্জুনপুর-গরীবপুর, তেঘরী-আঁচলাই, ছোটহাটপাড়া-মড়াগারিয়া, শব্দলদীঘি-পনেরোটিকা সড়কসহ প্রায় ১২ কিলোমিটার সড়কের দুই পাশে ১০ হাজার তালের আঁটি রোপণ করা হবে।
তালের আঁটি লাগানো প্রসঙ্গে মেয়র তৌহিদুর রহমান বলেন, তালগাছ অন্য ফসলের ক্ষতি করে না। কারণ, এর ডালপালা ছড়ায় না। একবার রোপণ করতে পারলে শত প্রতিকূলতার মধ্যেও এ গাছ বেড়ে ওঠে। তালগাছ রাস্তার শোভাও বর্ধন করে। এ গাছের কিছুই ফেলনা নয়। কাঠ ও জ্বালানি যেমন হয়, তালপাতাও কাজে লাগে। বাবুই পাখি এ গাছে বাসা বেঁধে প্রকৃতিকে ঐশ্বর্যমণ্ডিত করে। তালের রস থেকে তৈরি হয় সুস্বাদু পিঠাপুলি। এই গাছ কমবেশি ১০০ বছর বাঁচে। দীর্ঘ জীবনের প্রায় পুরোটা সময়ই ফল দেয়।