শিবগঞ্জ শহরে কুকুরের উপদ্রবে আতঙ্কে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ শহরে কুকুরের উপদ্রব বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় কুকুরের কারণে লোকজনকে রাস্তায় বের হলেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। কুকুরের কামড়ে আহত হচ্ছে লোকজন। পৌরসভায় জলাতঙ্ক রোগের প্রতিষেধক ইনজেকশন না থাকায় ভোগান্তি আরও বেড়েছে।
পৌর শহরের ছয়-সাতজন বাসিন্দা বলেন, শহরের বিভিন্ন অলিগলিতে সকাল থেকেই ঘুরে বেড়ায় কুকুরের দল। অন্ধকার নামলে এগুলোর উপদ্রব বেড়ে যায়। পথচারীদের রীতিমতো তাড়া করে কুকুরগুলো। যদি কোনো মহল্লায় কোনো অনুষ্ঠান থাকে তাহলে
তো কথায় নেই! কুকুরদের দাপাদাপিতে আমন্ত্রিত ব্যক্তিরাই আতঙ্কে ভোগেন।
বানাইল মহল্লার বাসিন্দা দেলোয়ার হোসেন (৪৮) বলেন, একটু রাত বাড়ার পরই শহরে শুরু হয় কুকুরের দাপাদাপি। সাইকেল, মোটরসাইকেল দেখলে দল বেঁধে ছুটে আসে কুকুর।
একই মহল্লার আমিনুল ইসলাম (৫৫) বলেন, ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় প্রায়ই কুকুরের উৎপাতে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।
শহরে কিছুদিন পরপরই কুকুরের কামড়ে লোকজন জখম হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। সর্বশেষ ১৪ মার্চ উপজেলার বেড়াবালা মহল্লার গৃহবধূ সেলিমা বিবি গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সময় একটি কুকুর বাড়ির সামনে খেলতে থাকা তাঁর আট বছরের ছেলেকে কামড়ে দেয়। দরিদ্র সেলিমা বিবি ছেলেকে নিয়ে জলাতঙ্কের প্রতিষেধক ইনজেকশনের জন্য তড়িঘড়ি ছুটে যান পৌরসভা কার্যালয়ে। কিন্তু সেখান থেকে তাঁকে জানানো হয়, ইনজেকশন নেই। সেলিমা বিবির কান্নাকাটিতে শেষ পর্যন্ত মেয়র তাঁকে ১০০ টাকা হাতে ধরিয়ে বগুড়া পৌরসভা থেকে ইনজেকশন সংগ্রহের জন্য পাঠান। সেলিমা বিবি বলেন, এ রকম কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা তাঁর মহল্লায় আরও ঘটেছে।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমানও সেলিমা বিবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জলাতঙ্ক প্রতিষেধক ইনজেকশন আমাদের কাছে না থাকায় অনেক সমস্যায় পড়ছে মানুষ। আর আমাদের লোকবলের অভাবে কুকুর নিধন কার্যক্রম থমকে আছে। তবে চেষ্টা করছি দ্রুত এ ব্যাপারে কিছু একটা করার।’
পৌরসভার কাউন্সিলর আবু ছাইদ বলেন, ‘সমস্যার কথা আমাদের অজানা নয়। শহরের বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে, এটা ঠিক। অনেকে সমস্যায় পড়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’
কাউন্সিলর মমিনুল ইসলাম বলেন, ‘সরকার থেকে সরবরাহ না করায় জলাতঙ্ক প্রতিষেধক ইনজেকশন আমরা কুকুরের কামড়ে আক্রান্ত মানুষকে দিতে পারছি না।’