শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে গত রোববার রাতে গুলিবিদ্ধ হয়েছেন শরিফুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।এদিকে গত শনিবার নিহত বাংলাদেশি ফারুক হোসেনের লাশ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে পতাকা বৈঠক শেষে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নাঈম উদ্দীন এবং বিএসএফের পক্ষে ১২৫ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট সন্দীপ সিং।মেজর নাঈম জানান, পতাকা বৈঠকে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ফারুকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার গুলিবিদ্ধ শরিফুল ইসলাম শিবগঞ্জ উপজেলার উনিশবিঘী গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। সাদেকুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে নিজেদের বোরো খেতে সেচ দেওয়ার কাজ করছিলেন শরিফুল ইসলাম। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মজিবুর রহমান জানান, শরিফুল ইসলামের বুক ও গলায় ছয়টি স্থানে ক্ষত ছিল। তাঁর অবস্থা ভালো নয় দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাকপাড়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবদুল বাসেদ জানান, গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার কথা তিনি শুনেছেন। তবে এলাকায় খোঁজ করে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বিএসএফের গুলিতে সম্প্রতি কয়েকটি হতাহতের ঘটনার পর সীমান্তের শূন্যরেখা ও নো-ম্যানস-ল্যান্ডের কাছে চাষাবাদ করতে যেতে নিষেধ করে মাইকিং করা হয়েছে। গত রোববার থেকে সীমান্ত এলাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।