শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম ফারুক হোসেন (২৫)। তিনি পারচৌকা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এর আগে ৪ এপ্রিল একই উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে রুহুল আমীন নামের এক বাংলাদেশি নিহত হন।চাঁপাইনবাবগঞ্জের ৩৯ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গত শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারচৌকা সীমান্তের ১৭৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে ভারতের অভ্যন্তরে বিএসএফের সদস্যদের গুলিতে ফারুক মারা যান।উপজেলার মনকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীনসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ফারুকের লাশ গত শনিবার দুপুর পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল। দুপুরের পর লাশ নিয়ে যায় বিএসএফ। এদিকে বিজিবির পক্ষ থেকে শনিবার বিকেলে মনকষা কোম্পানি কমান্ডার আবদুল গফুর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠান। আবদুল গফুর জানান, বিএসএফকে চিঠি দেওয়ার পর একজন ক্যাম্প কমান্ডারসহ বিজিবির একটি দল সীমান্ত এলাকায় অপেক্ষা করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তাঁরা ফিরে আসেন। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, লাশ পরে ফেরত দেওয়া হবে।গতকাল রোবাবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অধিনায়ক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফারুকের লাশ এখনো ফেরত পাইনি। তবে বিএসএফের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা সোমবার (আজ) ফারুকের লাশ আমাদের কাছে হস্তান্তর করবে।’