শিবগঞ্জে আ.লীগ সভাপতিকে কারণ দর্শাও
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবীর গতকাল মঙ্গলবার এ নোটিশ দেন।নোটিশে বলা হয়, মির্জারুল আলম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা ও ভয়ভীতি দেখাচ্ছেন। এ ছাড়া তিনি এলাকায় অবৈধ যাত্রা, হাউজি, জুয়া, অশ্লীল নৃত্য ইত্যাদি অনৈতিক কাজে সম্পৃক্ত। উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সদস্য হওয়া সত্ত্বেও এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাঁর পদ কেন বাতিল করা হবে না, তিন কার্যদিবসের মধ্যে তাঁর কাছে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে নোটিশে।সৈয়দ মির্জারুল আলম চৌধুরী এ বিষয়ে বলেন, ‘আমি নোটিশ পাইনি। তাই এ ব্যাপারে কোনো কিছু জানি না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান জানান, গতকাল মঙ্গলবার সভাপতিকে অনেক খুঁজেও না পাওয়ায় তাঁর স্থায়ী ঠিকানায় বিধি মোতাবেক নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।