শিবগঞ্জে আ.লীগ সভাপতির নামে এবার দলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তার করে মানুষের জমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের নেতা-কর্মীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার ময়দানহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাতেম আলী মন্ডল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা।অভিযোগে বলা হয়, মির্জারুল আলমের এক ভাই ফ্রিডম পার্টি থেকে এ আসনে সংসদ নির্বাচন করেন। তাঁর আরেক ভাই বর্তমানে বিএনপির নেতা। আর তিনি আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরও গত সংসদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে প্রকাশ্যে প্রচারণা করেন তিনি। তিনি সরকারি অফিসগুলোতে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছেন দীর্ঘদিন ধরে। যে কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে তিনি দলের সঙ্গে কথা না বলেই এককভাবে ইউএনওর বিরুদ্ধে কুৎসাপূর্ণ অভিযোগ করে বেড়াচ্ছেন। তাঁর এসব কর্মকাণ্ডের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই।সৈয়দ মির্জারুল আলম চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ইউএনওর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। সোমবার ইউএনওর অপসারণের দাবিতে মিছিল-সমাবেশ করায় আওয়ামী লীগের একটি পক্ষ ইউএনওর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এসব ভুয়া অভিযোগ এনেছে। আমি যা করছি, তার সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের শতভাগ সমর্থন রয়েছে।’