শিবগঞ্জে আ.লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা শহরের কয়েকটি স্থানে গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।দলীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরীর পক্ষ গতকাল সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেয়। গত বৃহস্পতিবার সভাপতির পক্ষের মিছিলে অংশ নেওয়া নারীকর্মীদের ওপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের পক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সভাপতির পক্ষ গতকাল মিছিল ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেয়। এসব কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয় সাধারণ সম্পাদকের পক্ষ। উভয় পক্ষ গতকাল কর্মীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করার নির্দেশ দেয়।দলীয় সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবারের সংঘর্ষের পর আবার দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নাগরবন্দর সেতু থেকে উপজেলা পরিষদ এলাকা ও শহরের আধা কিলোমিটারে ১৪৪ ধারা জারি করেন।সাধারণ সম্পাদক আজিজুল হক জানান, দলীয় কর্মসূচি পালনে কোনো সমস্যা নেই। তবে অনর্থক কোনো হটকারী কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।সভাপতি সৈয়দ মির্জারুল আলম বলেন, নারীকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহরে মিছিল ও প্রতিবাদ সভা করার কর্মসূচি দেওয়া হয়েছিল। ১৪৪ ধারা জারি করায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।