শিবগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম তাঁর অনুসারীদের নিয়ে একটি সভা করেন। ওই সভায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি করেন। ওই সভা থেকেই তিনি গতকাল যুদ্ধাপরাধীদের বিচার ও ইউএনওকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন। তবে ইউএনওর অপসারণের দাবির বিরোধিতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক।দলীয় সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগের সভাপতির দেওয়া গতকালের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয় সাধারণ সম্পাদক পক্ষ। গতকাল দুপুরের দিকে সভাপতি পক্ষ বড়হাট এলাকা থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে আসতে থাকে। এ সময় সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে নাগর বন্দর এলাকার দিকে আসতে থাকে। হাসপাতালের সামনে মিছিল দুটি মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। সভাপতি পক্ষ হাসপাতাল এলাকায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।সংঘর্ষে সাধারণ সম্পাদক আজিজুল হক, সভাপতি পক্ষের আবু খায়ের, ওমর ফারুক সরকার, তছকিন উদ্দিন, নুরুল ইসলামসহ ২৫ জন আহত হন।বিকেলে সাধারণ সম্পাদক আজিজুল হকের অনুসারীরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য হাতেম আলী মণ্ডল। তিনি অভিযোগ করে বলেন, সভাপতি জামায়াত-বিএনপির কতিপয় সন্ত্রাসী নিয়ে সাধারণ সম্পাদকের মিছিলে হামলা করেছেন।সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের আহ্বায়কের সঙ্গে কথা বলতে বলেন। কৃষক লীগের আহ্বায়ক আবদুল করিম বলেন, ‘আমরা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে মিছিল বের করেছিলাম। মিছিলটি নিয়ে উপজেলা পরিষদের দিকে যাওয়ার পথে হাসপাতাল এলাকায় সাধারণ সম্পাদকের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী আমাদের নারী কর্মীদের ওপর হামলা চালায়। পরে নারী কর্মীরাই ওই সব সন্ত্রাসীকে ধাওয়া করে।’শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, ইউএনকে অপসারণের ঘটনা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।