শিবগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নেতাসহ আহত ৫
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আতিকুরের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল বাসেত এবং বিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম ও আতিকুরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মোফাজ্জল ও বাসেতের লোকজন বিহার হাটসংলগ্ন একটি ফাঁকা জায়গায় বুধবার দলীয় কার্যালয়ের নির্মাণকাজ শুরু করেন। কিন্তু জহুরুল ও আতিকুরের সমর্থকেরা তাতে বাধা দেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আতিকুর রহমানসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে রাত আটটার দিকে জহুরুল ও আতিকুর তাঁদের লোকজন নিয়ে প্রতিপক্ষের লোকজনকে খুঁজতে থাকেন। বিহারহাট এলাকায় আটটি মোটরসাইকেলে চড়ে একদল অচেনা যুবক অস্ত্রসহ মহড়া দেন। বিষয়টি জানতে পেরে মোফাজ্জলের লোকজন একত্র হয়ে ওই যুবকদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তাঁরা পালিয়ে গেলে মোফাজ্জলের লোকজন জহুরুল ও আতিকুরের ওপর হামলা চালান। এ সময় আতিকুরকে তাঁরা দা ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। আতিকুরকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম অচেনা যুবকদের নিয়ে মহড়া এবং কার্যালয় নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আতিকুর বিহার উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এ বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন আতিকুরের ওপর এ হামলা চালান।মোফাজ্জল ও বাসেতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।