শিবগঞ্জে আমনখেতে ইঁদুরের উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আমন ধানের খেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। ইঁদুরের দল ধানের গাছ কেটে পুরো খেত তছনছ করে দিচ্ছে। কোনো ওষুধ বা ফাঁদ পেতেও রেহাই মিলছে না। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলার সাত-আটজন চাষি বলেন, ধানের শিষ বের হওয়ার সময়ে এসে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকেরা তাঁদের জমিতে গাছের ডালে পলিথিন উড়িয়ে দিচ্ছেন। এতে ওই পলিথিন বাতাসে ওড়ার শব্দে সাধারণত ইঁদুর আসে না। কিন্তু কাজ হচ্ছে না। আবার অনেকে জমির বিভিন্ন স্থানে বিষটোপ দিচ্ছেন। তারপরেও ইঁদুর গোড়া কেটে দিচ্ছে উঠতি ধানগাছের। বিশেষ করে সন্ধ্যার পর খেতে ইঁদুরের আক্রমণ বেশি হচ্ছে। পরদিন সেই আমনের গাছ গবাদিপশুকে খাওয়ানো ছাড়া আর উপায় থাকছে না। তাই ফলনের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন চাষিরা।
গত বৃহস্পতিবার উপজেলার দামগাড়া, তালতলা ও গামড়া গ্রামে গিয়ে দেখা যায়, অনেক খেতে ইঁদুর গাছ কেটে খেত ফাঁকা করে ফেলেছে। চাষিরা খেতের ভেতর থেকে ইঁদুরে কাটা ধানগাছ হাতে করে নিয়ে আসছেন।
তালতলা গ্রামের নজরুল ইসলাম (৫০) বলেন, ‘নানা কৌশল অবলম্বন করেও ইঁদুরের হাত থেকে রোপা আমন রক্ষা করা যাচ্ছে না।’
গামড়া গ্রামের চাষি ইসমাইল হোসেন (৫০) বলেন, ‘কর্জ করা টেকায় হামি এক বিঘা জমিত ধান চাষ করিচ্চি। একন অ্যাসা ইঁদুর লাগায় হামি চোখেত আন্ধার দেকিচ্চি।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। আর যেসব এলাকার জমি নিচু, সেসব এলাকায় ইঁদুরের আক্রমণ বেশি হয়। বর্তমানে ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে চাষিদের কী কী করতে হবে, সে বিষয়ে বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।
শিবগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘ইঁদুর দমনের জন্য সবচেয়ে ভালো উপায় খেতে এমন কিছুর ব্যবস্থা করা যাতে সব সময় শব্দ হতে থাকে। শব্দ হলে ইঁদুর ভয়ে আর খেতে ঢুকবে না। এ ছাড়া আরও বিভিন্ন কৌশল আমরা প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করে কৃষকদের দেখাচ্ছি।’