শিবগঞ্জে আলুখেতে 'শীতকাটা' মড়কে দিশেহারা কৃষক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দামপাড়া গ্রামের আক্কাছ আলী (৫০) এবার তিন বিঘা জমিতে আলুর চাষ করেছেন। কিন্তু তীব্র ঠান্ডা বাতাস ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাঁর আলুখেতে নাভিধসা বা ‘শীতকাটা’ রোগ দেখা দিয়েছে। এতে বেড়ে ওঠা আলুগাছগুলো কুঁকড়ে যাচ্ছে। জমিতে ছত্রাকনাশক দিয়েও তিনি উপকার পাচ্ছেন না।
শুধু আক্কাছ আলীই নন, তাঁর মতো এ উপজেলার অনেক কৃষক এবার আলু চাষ করে এ রোগের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কৃষকেরা জানান, এক বছর নিয়ন্ত্রণে থাকলেও ফের এ রোগ ছড়িয়ে পড়ছে উপজেলার বিঘার পর বিঘা আলুখেতে। গত বছর আবহাওয়া ভালো থাকায় এ রোগ ছড়াতে পারেনি। তাতে উৎসাহী হয়ে চাষিরা এবার বিঘার পর বিঘা জমিতে আলু চাষ করেন। এখন এ রোগের কারণে লোকসানের মুখে পড়ছেন তাঁরা। এ উপজেলায় চলতি মৌসুমে ১৮ হাজার হেক্টর জমিতে আলুর চাষ করা হচ্ছে বলে উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে।
কৃষকেরা আরও জানান, এ রোগের আক্রমণে প্রথমে আলুগাছের পাতা, ডগা ও কাণ্ডে ছোট ভেজা দাগ পড়ে। ক্রমে দাগ বড় হয়ে যায়। এরপর পুরো পাতা, ডগা ও কাণ্ডের কিছু অংশ ঘিরে ফেলে। আক্রান্ত খেতে পোড়া গন্ধ পাওয়া যায়। অনেক সময় আলুগাছ দেখে মনে হয় তা পুড়ে গেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শীতকাটা রোগের প্রতিরোধক হিসেবে অনুমোদিত মাত্রায় বর্দো মিক্সচার অথবা যেকোনো কপার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। স্পর্শক (কন্টাস্ট) জাতীয় ছত্রাকনাশক, যেমন ডায়াথেন এম ৪৫, হেম্যানকোবেজ, ইন্ডোফিল, মেলোডি ডুও, সিকিউর—এদের যেকোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে সাত দিন পরপর স্প্রে করতে হবে। যেসব জমিতে ইতিমধ্যে এ রোগ দেখা দিয়েছে, সেসব জমির আক্রান্ত গাছটি তুলে মাটিচাপা অথবা পুড়িয়ে ফেলতে হবে। এরপর সিকিউর, মেলোডি ডুও বা একরোবেট এম জেড অনুমোদিত মাত্রায় সাত দিন পর পর সেপ্র করতে হবে।
গত সোমবার সরেজমিনে কুড়াহার দামপাড়া গ্রামে দেখা যায়, গ্রামের ছিঁড়াবাজুর মাঠে শতাধিক বিঘা আলুখেত এ রোগে মরে যাচ্ছে। আলুচাষি আবদুল মালেক বলেন, ‘কীটনাশকের বেশি দাম হওয়া সত্ত্বেও প্রতি বিঘায় ১৬ হাজার টাকা খরচ করে আলুর চাষ করেছি। কিন্তু মড়কে সব শেষ হয়ে গেল। বিঘাপ্রতি দুই হাজার টাকার আলুও আর পাওয়া যাবে না।’
শিবগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল জানান, এ মড়ক থেকে প্রতিকার পেতে আলুচাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।