শিবগঞ্জে ইউএনওর দুর্ব্যবহারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দুর্ব্যবহারের প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা, এক নারী চিকিৎসক ও এক জ্যেষ্ঠ সেবকের সঙ্গে ইউএনও সৈয়দ ইরতিজা আহমেদ দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-কর্মকর্তারা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টা ওই অবস্থান কর্মসূচি চলে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা ইউএনওর শাস্তি দাবি করেন। অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ সময় বক্তব্য দেন বিএমএর জেলা শাখা সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাহাদাৎ মাহফুজ প্রমুখ।
বক্তারা বলেন, গত বুধবার বিকেলে কর্তব্যরত অবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এক নারী চিকিৎসক ও একজন জ্যেষ্ঠ সেবককে ইউএনও সৈয়দ ইরতিজা আহমেদ গালাগাল করেন ও তাঁদের মারতে উদ্যত হন। একপর্যায়ে তাঁদের থানায় ধরে নিয়ে গিয়ে তিন ঘণ্টা আটকে রাখেন। তিনি (ইউএনও) ক্ষমতার অপব্যবহার ও চিকিৎসকদের কর্তব্যে বাধা দিয়েছেন। এ কারণে তাঁরা ইউএনওর শাস্তি দাবি করছেন।
তবে ইউএনও সৈয়দ ইরতিজা আহমেদ চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের কথা অস্বীকার করে বলেন, ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ছয়জন দুষ্কৃতকারী। তাঁরা পুলিশকে না জানিয়ে ওই ছয় দুষ্কৃতকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নামে তাঁদের পালিয়ে যেতে সহায়তা করেন। এটি ফৌজদারি অপরাধ। এ কারণে চিকিৎসকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড প্রদানের দিন গত বুধবার বিকেলে শিবগঞ্জ বাজারে প্রতিবাদ সমাবেশ করছিল জামায়াত-শিবির। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওই ছয়জন। এ ছাড়া আহত হন দুই পুলিশ কর্মকর্তা, দুই বিজিবি সদস্যসহ ৩০ জন। এ ব্যাপারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।