শিবগঞ্জে ইফতার সামগ্রীর দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই বগুড়ার শিবগঞ্জে ইফতারসামগ্রীর জমজমাট পসরা বসছে। তবে দাম গত বছরের চেয়ে চড়া। ক্রেতারা বলছেন, দাম সাধারণের নাগালের বাইরে। বিক্রেতাদের ভাষ্য, দাম না বাড়িয়ে তাঁদের উপায় নেই।
শিবগঞ্জ শহরের সব এলাকাতেই ইফতারসামগ্রীর দোকান চোখে পড়ে। অলিগলি থেকে শুরু করে ব্যস্ত এলাকা, সবখানেই হরেক রকমের ইফতারসামগ্রীর ঘ্রাণ। বিকেল হলেই শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের হই-হুল্লোড়।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর শহরে বেগুনি তিন টাকায় পাওয়া গেছে। এবার পাঁচ টাকা নেওয়া হচ্ছে। ৭০ টাকা কেজির বুন্দিয়ার দাম বেড়ে এবার হয়েছে ৮০-১০০ টাকা। ছোলা, চানাচুর, পেঁয়াজুর দাম ছিল ৮০ টাকা কেজি; এবার ১০০-১২০ টাকা। এভাবে সব সামগ্রীরই দাম বেশি।
সবচেয়ে সমস্যায় পড়েছেন এলাকার সেসব শ্রমজীবী, যাঁরা সাধারণত বাইরে ইফতার করেন। শহরের রিকশাচালক আবু তালেব বলেন, ‘এবার ইস্তারির দাম ম্যালা। গতবার যে জিনিস কিনতে ২০ ট্যাকা লাগিচে, এবার তা ২৫ ট্যাকাতও হচ্চে না।’ পাশে থাকা শ্রমিক ফজের আলী বলেন, ‘হামাকেরে মতোন গরিব মানুষকেরে ওজা করা কঠিন হয়্যা যাবি।’
দহিলা মহল্লার আকবর আলী (৫০) বলেন, ‘আগে পাঁচ বা দশ টাকার ইফতারি কিনলেই হয়ে যেত। কিন্তু এখন ওই পরিমাণ টাকার ইফতারি দিতে চান না দোকানিরা।’
তবে বিক্রেতারা বলছেন, ইফতারসামগ্রীর দাম তাঁরা বেশি রাখতে চান না। কিন্তু ইফতার তৈরির সামগ্রীর দাম গতবারের চেয়ে এবার অনেক বেশি। ফলে তাঁরা দামে কুলাতে পারছেন না।
বিক্রেতা আশরাফুল আলম বলেন, ‘আমরাও তো দুইটা টাকা রোজগারের জন্য এত কষ্ট করছি।’ দাম বেশি হওয়ার কারণে এবার বিক্রি অনেক কম বলে জানান তিনি।