শিবগঞ্জে এক রাতে প্রাণ গেল ১০ হাজার গাছের
কয়েক দিন আগেও বাগানে আমের বিভিন্ন প্রজাতির চারা ছিল। বাগানের মালীদের পরিচর্যা পেয়ে চারাগুলো বেড়েও উঠছিল। কিন্তু লেংড়া ও হাঁড়িভাঙাসহ ২২ জাতের প্রায় ১০ হাজার চারা গত সোমবার রাতের আঁধারে কেটে ফেলেছে একদল দুর্বৃত্ত। বাগানের মালিকের সঙ্গে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাউলাপাড়া গ্রামে ঘটেছে।বাগানের মালিক মুনছুর রহমান বলেন, ‘শত্রুতা না হয় হামার সাতোত। কিন্তু চারাগুলানের কী অপরাধ? হামারে দু-চারটা মারলেও তেমন কষ্ট আসলো না। কিন্তু চারা কাটার জন্যি অনেক কষ্ট পানো।’ মুনছুরের এ বাগানটি এলাকায় সাথী নার্সারি হিসেবে পরিচিত। মুনছুর জানান, ১৭৫ বিঘা জমির ওপর এ নার্সারি করা হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির ফুল, ফলদ ও বনজ গাছের চারা উৎপাদন করা হয়। পরে পরিচর্যা করে এসব চারা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। অনেক সময় মানুষ এসে চারা কিনে নিয়ে যায়। আগামী বর্ষা মৌসুমে বিক্রির জন্য উন্নতজাতের আমের চারা তৈরি করা হচ্ছিল। প্রতিটি চারা কমপক্ষে ২০০ টাকা দরে বিক্রি হতো। মঙ্গলবার সকালে এসে তিনি দেখেন আমগাছের চারাগুলো দুর্বৃত্তরা কেটে ফেলেছে। মুনছুর রহমান অভিযোগ করেন, তাঁর নার্সারির পাশের জমি থেকে চাউলাপাড়া গ্রামের কয়েক ব্যক্তি অবৈধভাবে বালু তুলছেন। এতে করে নার্সারির অনেক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করা হলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এমনকি বালু তোলার ঘটনায় জড়িত ব্যক্তিরা তাঁকে মেরে ফেলার হুমকি-ধমকিও দেন। একপর্যায়ে গত সোমবার রাতের আঁধারে ওই চক্রটি আমগাছের চারাগুলো কেটে ফেলে।শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, চারা কাটার অভিযোগে সাথী নার্সারির মালিক মুনছুর রহমান মঙ্গলবার ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হচ্ছেন—খাজা মিয়া, বাদশা মিয়া, সাইফুল ইসলাম, হাসান আলী, গোলাম রব্বানী ও জালামোনা।