শিবগঞ্জে একই পরিবারের তিনজনসহ ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ পৌর এলাকায় একই পরিবারের তিনজনসহ মোট ১০ জন গত বৃহস্পতি ও শুক্রবার মারা গেছেন। তাঁরা গত বুধবার রাতে বিষাক্ত মদ পান করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। মদ্যপানের ওই ঘটনায় আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।
পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, কেবল তিনজনের মৃত্যু হয়েছে বিষাক্ত মদের প্রভাবে। তবে মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকে এসব মৃত্যুর জন্য মদের বিষক্রিয়াকেই দায়ী করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটজনকে আসামি করে শিবগঞ্জ থানায় গত শনিবার মামলা করে। চতুরপুরের দুই মাদক বিক্রেতা আমেনা বেগম (৪৫) ও জয়নাবকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ স্টেডিয়াম এলাকার পরিচ্ছন্নতাকর্মী সুধীর ভগত (৫৫) ও তাঁর স্ত্রী চানতারা ভগত (৪৫) এবং ছেলে সুমন ভগত (৩০); পৌর এলাকার ঠাকুরবাড়ির দুখু দাস (৪০); বড় চকদৌলতপুর এলাকার মো. আফজাল (৩৫) ও ঘেটু কসাই (৪৫); পিঠালিতলা উত্তরপাড়ার মো. লালচান (৫০); বাঙালটুলির মোশারফ বক্স (৫০); শেখটোলার শফিকুল ইসলাম (৫০) এবং শিবগঞ্জ বাজারের দীন মোহাম্মদ (৫৫)। সুধীর, চানতারা ও দুখুর লাশের ময়নাতদন্তে মদের বিষক্রিয়ার প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে। শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র ইমান আলী প্রথম আলোকে বলেন, সুমন, দীন মোহামঞ্চদ ও মোশারফের মৃত্যুর কারণও বিষাক্ত মদ্যপান। অপর কাউন্সিলর মিজানুর রহমান বলেন, আফজাল ও ঘেটু কসাই বিষাক্ত মদ পানের কারণেই মারা গেছেন। আওয়ামী লীগের উজিরপুর ইউনিয়ন শাখার সভাপতি দুরুল হোদা বলেন, তাঁর চাচা শফিকুল ইসলাম ও লালচান বিষাক্ত মদের প্রভাবেই মারা গেছেন। তবে দীন মোহামঞ্চদের ছেলে সেলিম রহমান দাবি করেন, তাঁর বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। জেলা সদর হাসপাতালের সনদে তাঁর মৃত্যুর কারণ ‘স্ট্রোক’ বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তার কারণেই শিবগঞ্জে ব্যাপকভাবে মাদকের বিস্তার ঘটেছে। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।