শিবগঞ্জে একজন নিহত, ৭ জেলায় আহত ৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষে গত সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর এক ভাগনে নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া নেত্রকোনা, সাতক্ষীরা, পটুয়াখালী, লালমনিরহাট, বরিশাল ও কুষ্টিয়ায় সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।

এ নিয়ে গত ২১ দিনে নির্বাচনকেন্দ্রিক সংঘাতে ছয়জনের প্রাণ গেল। এর আগে ১৩ মার্চ কিশোরগঞ্জের বেরুয়াইল গ্রামে একজন, ১০ মার্চ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে একজন, পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে ৯ মার্চ একজন, পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৮ মার্চ একজন, ২২ ফেব্রুয়ারি বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নে একজন নিহত হন।

সহিংসতার সর্বশেষ খবর পাঠিয়েছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।

শিবগঞ্জ (বগুড়া): নিহত মাহতাব আলী (৫১) পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ এলাকার পরিচালক এবং উপজেলার বুড়িগঞ্জ ইউপির আওয়ামী লীগের প্রার্থী আবদুল গফুর মণ্ডলের ভাগনে। আহত দুজন হলেন আমিরুল ইসলাম (২৪) ও মোজাফ্ফর আলী (৩৫)। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।     

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সন্ধ্যায় বুড়িগঞ্জ ইউপির জামতলা বাজারে নির্বাচনী প্রতীক সাঁটানো নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরে রাত সাড়ে নয়টার দিকে খাদইল গ্রামে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সভায় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করেন বিএনপির প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকেরা। এতে আহত তিনজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মাহতাব আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, লাশ দাফন করে মামলা করা হবে বলে নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে।

নেত্রকোনা: এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের গছিখাই গ্রামে আওয়ামী লীগের প্রার্থী গোলাম আবু ইছহাক ও বিদ্রোহী প্রার্থী ছানোয়ারুজ্জামান জোশেফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁরা হলেন গছিখাই গ্রামের জসীম মিয়া, আস্তর আলী, বিল্লাল মিয়া, রিয়াজুল, তারু মিয়া, রহিম আলী, খালিয়াজুরী সদরের শহর আলী, আঙ্গুর মিয়া, আক্তার আলী, আবুল খায়ের, হেজেল মিয়া, আবু কায়সার, রোপ্তম মিয়া, আবু কাউসার, শাহাজাহান, রানা মিয়া প্রমুখ। সংঘর্ষের জন্য দুই প্রার্থী একে অপরকে দায়ী করেছেন।

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সকালে সংঘর্ষে ১০ জন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় সাত-আটটি মোটরসাইকেল। আহত ব্যক্তিরা হলেন বিদ্রোহী প্রার্থীর পক্ষের আসাদুল ইসলাম, সোহেল গাজী, মোশারফ হোসেন, আক্তারুল ইসলাম, জিয়াউর রহমান ও আবদুল আজিজ এবং আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের শরীফ হোসেন, ওমর ফারুক, আরিফ বিল্লাহ ও মিঠু। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হক অভিযোগ করেন, কুলিয়া সেতু এলাকায় তাঁর সমর্থকদের গণসংযোগে প্রতিপক্ষ অতর্কিতে হামলা করে। তবে বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলাম দাবি করেন, তিনিসহ সমর্থকেরা মোটরসাইকেলে করে প্রচারণার উদ্দেশ্যে সেখানে গেলে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন অতর্কিতে হামলা চালান।

গলাচিপা (পটুয়াখালী): প্রত্যক্ষদর্শীরা বলেন, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা সাগরপাড় বাজারে গতকাল দুপুরে চরমন্তাজ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের দুই সদস্য পদপ্রার্থী আবুল কালাম সিকদার ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন। তাঁদের চরমন্তাজ উপস্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফীন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।

লালমনিরহাট: প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়,লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাশেম তালুকদার ও বিদ্রোহী প্রার্থী আবদুল গফুরের সমর্থকদের মধ্যে গতকাল দুপুরে নয়ারবাজার এলাকায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাঁরা হলেন আকবর হোসেন (৫২), ইউসুব আলী (৩৬), শাকিল আহমেদ (৩৫), আফজাল হোসেন (২৮), ইসরাফিল (৫০), লোকমান (৩৫), ঝর্ণা (৩০), শাহিনা (২৫), স্বাধীন (৩০), সিরাজ (২৬), রমিচ (৩০), বাছেদ, আমির হোসেন, জাহেদুল ও লাল মিয়া। গুরুতর আহত আকবরকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের জন্য দুই প্রার্থী একে অপরকে দায়ী করেছেন।

হাতীবান্ধা থানার ওসি আবদুল মতিন প্রধান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

গৌরনদী (বরিশাল): পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী যুবলীগের নেতা গিয়াস উদ্দিন মৃধা ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নেতা আরজ আলী সরদারের সমর্থকদের মধ্যে সোমবার রাতে কমলাপুর বাজার এলাকায় সংঘর্ষ হয়। এতে জলিল ফকির, আরিফ, নাঈম হোসেনসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন।

কুষ্টিয়া: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউপিতে আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সংঘর্ষে চারজন আহত হন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক চাঁদ (৫৫) ও লাল্টু (৪৫) এবং জাসদের প্রার্থীর সমর্থক কামরুল (৪৫) ও ফরিদ (৪০)। তাঁদের মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের নকলা উপজেলার উরফা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সোমবার সন্ধ্যায় বারমাইসা বাজারে ধাক্কাধাক্কি হয়। এরপর মধ্যরাতে নূরে আলমের তিনটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর হয়।

বিদ্রোহী প্রার্থী নূরে আলম তালুকদারের পক্ষের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী রেজাউল হকের সমর্থকেরা এই ভাঙচুর চালিয়েছেন। তবে রেজাউল অভিযোগ অস্বীকার করেছেন।

ময়মনসিংহ: গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউপিতে গত রোববার আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে দুটি মামলা হয়েছে। অন্যদিকে গৌরীপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গৌরীপুর ইউপিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল দুটি মামলা হয়। চার মামলায় বিএনপি ও আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।