শিবগঞ্জে কপির চারা চুরির আতঙ্কে চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ফুলকপির চারা চুরির উপদ্রব হঠাৎ করে বেড়ে গেছে। অনেক চাষি রাত জেগে খেত পাহারা দিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, যেসব খেতে ফুলকপির চারা তৈরি করা হচ্ছে, তার পাশের এক কোণে ছই বা পলিথিন দিয়ে অস্থায়ী ঘর বানানো হয়েছে। অনেক মাঠে চার থেকে পাঁচজন চাষি মিলে পর্যায়ক্রমে দিন-রাত চারা পাহারা দিচ্ছেন।
চাষিরা জানান, প্রায় প্রতি রাতেই কোনো না কোনো খেতে চোর হানা দিচ্ছে। সবজির চারা চুরির উপদ্রব এ উপজেলায় আগে থেকে থাকলেও এবার তা অনেক বেড়েছে। তাই বাধ্য হয়ে চাষিরা খেতে পাহারা বসিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর বড় ধরনের লোকসানের পর এবারও প্রথমদিকে চারার দাম অনেক কম ছিল। কিন্তু ১০ দিন হলো বাজারে ফুলকপির চারার দাম বেশ ভালো পাচ্ছেন চাষিরা। ১৫ দিন আগে যে চারা প্রতিটি ৪০ পয়সা দরে বিক্রি করেছেন, এখন তার দাম এক টাকা। চারার দাম চড়তে শুরু করতেই চোরের উপদ্রব বেড়ে গেছে।