শিবগঞ্জে কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার তোজাম্মেল হোসেন বিএম কলেজের অধ্যক্ষ হাবিবা নাহারকে গত রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কলেজ পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অধ্যক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
কলেজ সূত্র জানায়, হাবিবা নাহারের বিরুদ্ধে ফরম পূরণ, প্রবেশপত্র, ভর্তিসহ বিভিন্ন খাত থেকে পাঁচ লাখ দুই হাজার ৭৮২ টাকা আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়ে পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটি হাবিবা নাহারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরে গত রোববার পরিষদের এক সভায় অধ্যক্ষ নাহারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, তদন্তে অধ্যক্ষের দুর্নীতির প্রমাণ মিলেছে। অধ্যক্ষ নাহার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হয়রানির উদ্দেশ্যে এসব ষড়যন্ত্র করা হয়েছে। আমি কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই।’