শিবগঞ্জে কৃষকের বরাদ্দ তছরুপের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আউশের প্রণোদনার জন্য সরকারি বরাদ্দ তছরুপের অভিযোগ উঠেছে। খাদ্যনিরাপত্তার জন্য সরকার আউশ ধান উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে এ প্রণোদনা দেয়।

গত বৃহস্পতিবার প্রণোদনা পাওয়া একাধিক কৃষকের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা কেউই ওই প্রণোদনা পেয়ে আউশ ধানের আবাদ করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার এক কৃষক বলেন, ‘আমি কখনোই আউশ ধানের আবাদ করি না। আমার নাম তালিকায় ছিল। তাই প্রণোদনার স্লিপ ৮০০ টাকায় বিক্রি করেছি। আমার মতো অনেকেই এ কাজ করেছেন।’

জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০০ কৃষককে তিন বছর ধরে আউশ ধান চাষে উদ্বুদ্ধ করতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এ বাবদ কৃষকের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রত্যেককে ৩০০ টাকা, কৃষি কার্ডের মাধ্যমে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং উচ্চফলনশীল জাতের আউশ ধানের পাঁচ কেজি বীজ দেওয়া হয়। ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে কৃষকেরা এ সহায়তা পান। তখন বীজতলা তৈরি করে এখন ধানের চারা রোপণ করার কথা।

কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আউশ ধান উৎপাদনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের তালিকা করে ইউনিয়ন কৃষি কমিটির কাছে দেন। কমিটি সেই তালিকা যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য উপজেলা কৃষি কমিটির কাছে পেশ করবেন। সেই তালিকা ধরে প্রকৃত চাষিদের এ প্রণোদনা পাওয়ার কথা। এক পরিবারে একজনের বেশি এ সহায়তা পাবেন না।

সরেজমিনে জানা গেছে, এ উপজেলায় প্রণোদনা দেওয়ার জন্য চাষি বাছাইয়ের এ নীতিমালা মানা হয়নি। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা নিজেদের পছন্দের লোকজনের নাম দিয়ে তালিকা করেছেন। অনেক ক্ষেত্রে ইউপি সদস্য নিজের এবং তাঁর আত্মীয়স্বজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এ ছাড়া উপজেলা কৃষি কমিটিও পছন্দের মানুষের কিছু নাম তালিকায় দেয়।

একই ইউনিয়নের সদস্য মজনু মিয়া তাঁর ছেলের নাম প্রণোদনার তালিকায় দিয়েছেন। ইউপি সদস্য মজনু মিয়ার কাছে কোথায় আউশ চাষ করছেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফছার আলী বলেন, ‘আমরা প্রকৃত চাষিদের তালিকায় দিয়েছি। পরে কী অবস্থা হয়েছে তা জানি না।’

উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘কেউ যদি এখন আউশ ধান চাষ না করেন—তাঁর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’