মুনাফা কম হওয়ার অজুহাতে বগুড়ার শিবগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিয়োগপ্রাপ্ত ডিলাররা এবার রমজানে কোনো পণ্য তোলেননি। এ কারণে টিসিবির কোনো পণ্যই পাচ্ছেন না এলাকার লোকজন।
স্থানীয় ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজানে বাজার স্থিতিশীল রাখতে টিসিবি এ উপজেলার নিয়োগপ্রাপ্ত সাত ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে। এবার প্রতিজন ডিলারের জন্য ৫০০ কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত চিনি, ১০০ কেজি মসুর ডাল, ২০০ লিটার থেকে এক হাজার লিটার পর্যন্ত খোলা সয়াবিন তেল ও বোতলজাত ২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়। এ রমজানে কোনো খেজুর বা বুট বিক্রির জন্য দেওয়া হয়নি।
কয়েকজন ডিলার বলেন, খোলাবাজারের চেয়ে টিসিবির পণ্যের দাম তেমন কম নয়। তা ছাড়া এ উপজেলার ডিলারদের রাজশাহী থেকে টিসিবির পণ্য নিয়ে আসতে হয়। ডিলারপ্রতি বরাদ্দও কম। উপজেলার সব ডিলারের পণ্য একত্র করলেও এক ট্রাক হয় না। বর্তমানে ট্রাক ভাড়া ১০ হাজার টাকার কম নয়। তাই ট্রাকভাড়া ও আনুষঙ্গিক খরচ বাদ দিলে টিসিবির পণ্য বিক্রি করে লাভ তো দূরের কথা, অনেক লোকসান হয়ে যায়। তাই ডিলাররা এ রমজানে টিসিবির কোনো পণ্য তোলেননি।
উপজেলার বানাইল মহল্লার আবদুল কাদের (৪৫) বলেন, প্রচারের অভাবে মানুষ জানে না, এ উপজেলার টিসিবির ডিলার কারা। ডিলাররা স্বাভাবিকভাবে পণ্য তুলে সরবরাহ করলে সাধারণ মানুষ বাজার থেকে পণ্য কিনত না। কিন্তু মাত্র সাতজন ডিলার পণ্য তোলায় টিসিবির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
উপজেলার মাসিমপুর-চালুঞ্জা গ্রামের ইসমাইল হোসেন (৩২) বলেন, ডিলাররা পণ্য উত্তোলন না করায় মুখ থুবড়ে পড়েছে টিসিবির সেবা।
টিসিবির ডিলার ইসলাম ট্রেডার্সের মালিক ছামসুল ইসলাম বলেন, ‘তুলনামূলকভাবে টিসিবির পণ্যের মান খারাপ। খোলাবাজারের তুলনায় দামও তেমন কম নয়। আর এ পণ্য বিক্রি করে ডিলারদের কোনো লাভ করার উপায় নেই। তাই আমি পণ্য তুলছি না।’
নিশান ট্রেডিংয়ের মালিক তৌহিদুর রহমান বলেন, চিনিসহ কিছু পণ্যের দাম কমানো আর বরাদ্দের পরিমাণ বাড়ানো হলে ডিলাররা পণ্য তুলতে আগ্রহী হবেন।