শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ বস্তা চাল উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন থেকে গতকাল শনিবার খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৬০ বস্তা চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কিছু ফড়িয়া দরিদ্র মানুষের কাছ থেকে ১০ টাকা কেজির এ চাল কিনে নিয়ে মজুত করছিল বলে মনে করছে তাঁরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ভবনের আশপাশের কয়েকজন মৌসুমি ব্যবসায়ী খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী লোকজনের কাছ থেকে চাল কিনে মজুত করছেন—এমন তথ্য পেয়ে পুলিশ গতকাল বিকেলে অভিযান চালায়।
এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান। অভিযানের বিষয়টি টের পেয়ে ফড়িয়ারা পালিয়ে যান। তবে পুলিশ ইউপি ভবনের পাশের একটি হলুদখেত থেকে ২০ বস্তা, মোজাম মণ্ডলের বাড়ি থেকে ১০ বস্তা এবং সিদ্দিক মিয়ার বাড়ি থেকে ৩০ বস্তা চাল জব্দ করে। জব্দ করা চালের ওজন আনুমানিক দুই হাজার কেজি।
মাঝিহট্ট ইউপির চেয়ারম্যান মীর্জা গোলাম হাফিজ বলেন, মাঝিহট্ট ইউনিয়ন সদরে ও ইউনিয়নের বারিকতলায় গতকাল ডিলাররা খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করেন। সেই চাল কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে কিনেছিলেন মৌসুমি ব্যবসায়ীরা।
জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জব্দ করা চাল থানায় রাখা হয়েছে।