শিবগঞ্জে খুচরা টাকার সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে এক টাকার মুদ্রা ও দুই টাকার নোটের সংকট চলছে। এ কারণে ক্রেতাদের সঙ্গে প্রায়ই দোকানিদের বাগ্বিতণ্ডা হয়।
উপজেলা সদরের চার-পাঁচজন দোকানি প্রথম আলোকে বলেন, এক টাকা ও দুই টাকা সংগ্রহ করাটা কঠিন হয়ে পড়েছে। মুদ্রা হলে তো আরও সমস্যা। এই খুচরা টাকা দেওয়া নিয়ে অনেক সময় ক্রেতার সঙ্গে মন কষাকষি হয়।
শহরের কাঁচাবাজারের ব্যবসায়ী তোজাম উদ্দিন বলেন, সবজিবাজার বা খুচরা পণ্য কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন ক্রেতারা। ছয়-সাত টাকার পণ্য কিনে ক্রেতা দশ টাকা দিলে বিক্রেতা খুচরা দিতে না পেরে অতিরিক্ত মাল দেন। যা বেশির ভাগ ক্ষেত্রেই নিতে চান না ক্রেতারা। এ নিয়ে দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়।
আতর-সুরমা ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, ‘খুচরা না থাকলে প্রায়ই সমস্যায় পড়তে হয়। এ জন্য আমি ভিখারিদের কাছ থেকে খুচরা টাকা সংগ্রহ করি। ১০০ টাকা খুচরা করতে তাঁদের পাঁচ টাকা বেশি দিতে হয়।’
উপজেলার কুড়াহার গ্রামের শাহাদত আলী (৬০) ভিক্ষা করেন উপজেলা সদরে। তিনি বলেন, ‘বিশ ট্যাকার বদলে হামরা উনিশ ট্যাকার খুচরা দিই।’