শিবগঞ্জে গুদামের অভাবে অরক্ষিত কক্ষে নতুন বই
বগুড়ার শিবগঞ্জে বিনা মূল্যের পাঠ্যবই রাখার জন্য কোনো গুদাম নেই। ফলে বই রাখার ক্ষেত্রে বিপাকে পড়ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তর। তারা নতুন বই বিদ্যালয়ের অরক্ষিত কক্ষে রাখতে বাধ্য হচ্ছে।
শিবগঞ্জে ৫১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৪টি মাদ্রাসা, ১০টি কারিগরি স্কুল, ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮১টি কিন্ডারগার্টেন, ১২৩টি আনন্দ স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে বিনা মূল্যের সরকারি পাঠ্যবই আসে। এ বই প্রথমে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তরে জমা হয়। কিন্তু বই রাখার জন্য দপ্তরের কোনো গুদাম নেই। ফলে লাখো পাঠ্যবই বিভিন্ন প্রতিষ্ঠানের কক্ষে অরক্ষিত অবস্থায় রাখতে হয়। এ বছর মাধ্যমিক বিদ্যালয়ের ৫ লাখ ৯৪ হাজার বই শিবগঞ্জ মাদ্রাসা ও বালিকা উচ্চবিদ্যালয়ের কক্ষে রাখা হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১৬ হাজার ৯০০ পাঠ্যবই রাখা হয়েছে বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বইয়ের মতো মূল্যবান সম্পদ যত্রতত্র রাখা ঠিক নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, ‘মাধ্যমিক স্তরের বই সংরক্ষণ ও বিতরণের জন্য পৃথক গুদাম প্রয়োজন।’