শিবগঞ্জে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ থানার এক উপপরিদর্শক মিনহাজ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘুষ নিয়ে এসিড নিক্ষেপের ঘটনায় হওয়া একটি মামলার আসামিদের রক্ষা করার চেষ্টা করার অভিযোগে বগুড়া পুলিশ লাইনে তাঁকে প্রত্যাহার করা হয়। শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাতে উপজেলার কেশরীপুর গ্রামের আসাদ আলী সরকারকে (৪৮) প্রতিপক্ষের লোকজন এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় তাঁর ছেলে মোহাম্মদ আলী বাদী হয়ে ২৪ আগস্ট শিবগঞ্জ থানায় মামলা করতে আসেন। তখন ‘মামলার কাজে প্রয়োজন লাগবে’—দাবি করে এসআই মিনহাজ উদ্দিন বাদীকে ভুল বুঝিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরে মিনহাজ মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করে আসামিদের রক্ষা করার জন্য নিজের ইচ্ছেমতো অভিযোগ সাজান। শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে গত মাসে বাদী মোহাম্মদ আলী পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দেন। তদন্তে গিয়ে এ অভিযোগের সত্যতা পান পুলিশের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক নিবাস চন্দ্র মাঝি। পরে শনিবার তিনি এসআই মিনহাজ উদ্দিনকে প্রত্যাহার করার নির্দেশ দেন।