শিবগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তায়েব আলীকে (৪৫) চাঁদা আদায়ের অভিযোগে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। একই দিন এ অভিযোগে সেকেন্দ্রাবাদ গ্রামের লুৎফর রহমান তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, তায়েব আলী একটি শ্রমিক সংগঠনের নেতা হওয়ায় দীর্ঘদিন ধরে নাগরবন্দর এলাকায় চাঁদাবাজি করে আসছেন। বুধবার বেলা দুুইটার দিকে লুৎফর রহমান তাঁর স্ত্রীকে নিয়ে অটোরিকশায় করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় নাগরবন্দর এলাকায় তায়েব আলী তাঁদের পথ রোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় তিনি লুৎফর রহমানকে মারধর ও জখম করেন। তাঁর স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করেন।পুলিশ বুধবার সন্ধ্যায় বিএনপির নেতা তায়েব আলীকে উপজেলার নাগরবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জানান, তায়েব আলী শিবগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। শরীফুল ইসলাম আরও বলেন, ঘটনার সময় তায়েব আলী নাগরবন্দর এলাকায় ছিলেন না। তিনি ষড়ষন্ত্রের শিকার হতে পারেন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, তায়েব আলীর বিরুদ্ধে মানুষের অনেক অভিযোগ রয়েছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার বগুড়ায় আদালতে হাজির করার জন্য পাঠানো হয়েছে।